স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন আলী নেওয়াজ খৈয়াম। মঙ্গলবার (আজ) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করবেন। শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন সরকারের মন্ত্রিপরিষদে ২৪ জনকে প্রতিমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে আলী নেওয়াজ খৈয়ামের নাম ঘোষণার পর দলীয় নেতাকর্মী ও তাঁর নির্বাচনী এলাকার জনগণের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। কেউ কেউ বলেন অভিজ্ঞতা ও কর্মীবান্ধব রাজনৈতিক নেতৃত্ব হিসেবে পরিচিত খৈয়াম দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করা এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দক্ষ, সৎ ও পরিশ্রমী নেতাদেরই প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। সেই বিবেচনায় আলী নেওয়াজ খৈয়ামের অন্তর্ভুক্তি বিএনপির নতুন প্রজন্মের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। আলী নেওয়াজ খৈয়াম তাঁর প্রতিক্রিয়ায় দলীয় প্রধান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “দেশ ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
উল্লেখ্য, নতুন সরকারের প্রতিমন্ত্রী তালিকায় আরও রয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আমিনুল হক (টেকনোক্রেট)।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM