
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর-এর রানওয়ের চারদিকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় গতকাল ১৩ ফেব্রুয়ারি আনুমানিক রাত ৮ তার দিকে তিনটি লাইটের ৪০/৫০ গজ বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, রানওয়ের নিরাপত্তা ও উড্ডয়ন-অবতরণের স্বার্থে স্থাপিত লাইটগুলোর কিছু অংশে আগে থেকেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না। সেই সুযোগে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে লাইটের সংযোগ তার কেটে নিয়ে যায়। এতে রানওয়ের নির্দিষ্ট অংশে আলোকসজ্জা ব্যাহত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। নিরাপত্তা জোরদার ও অতিরিক্ত আলোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়।
স্থানীয়রা বলছেন, বিমানবন্দর এলাকা সংবেদনশীল হওয়ায় সেখানে সার্বক্ষণিক নজরদারি ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। দ্রুত চুরি হওয়া তার পুনঃস্থাপন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।