শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর কোতয়ালী থানা থেকে লুট হওয়া তিনটি গ্রেনেডসহ বিপুল পরিমাণ গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব সূত্র জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধে র্যাব নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে। “জিরো টলারেন্স” নীতিতে যেকোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দমনে বাহিনীটি সক্রিয় রয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০, সিপিসি ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বিআরটিসির দক্ষিণ পাশের প্রাচীরের বাইরে চরকমলাপুরগামী রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সংলগ্ন ঝোপঝাড়ে অভিযান চালায়। অভিযানে ধাতব লিভারযুক্ত তিনটি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগানের কার্তুজ এবং ৩০টি গ্যাসগানের তাজা কার্তুজ সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত গ্রেনেড ও গোলাবারুদগুলো ২০২৪ সালের ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সময় বিভিন্ন থানায় হামলার মাধ্যমে পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের অংশ। ওই সময় দুষ্কৃতকারীরা লুটকৃত অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশে আতঙ্ক সৃষ্টি করেছিল।
র্যাব জানায়, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনায় লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ফরিদপুরে পরিচালিত এই অভিযানকে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে বাহিনীটি।
র্যাব-১০ এর এই সফল অভিযান আবারও প্রমাণ করে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত। ভবিষ্যতেও জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে র্যাব এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM