মোঃজোনায়েদ হোসেন জুয়েল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
শুক্রবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিএনপির একটি নির্বাচনি সমাবেশকে ঘিরে দলের অঙ্গসংগঠন যুবদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে সমাবেশস্থলে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় নেতারা এগিয়ে আসেন।
জানা গেছে, কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনি সমাবেশ চলাকালে শেষ পর্যায়ে একটি মিছিল নিয়ে যুবদলের নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করেন। এ সময় মঞ্চের সামনে বসার স্থান ও চেয়ার ব্যবস্থাপনাকে কেন্দ্র করে বিএনপির একাংশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার সময় প্রার্থী ফজলুর রহমান অসুস্থতাজনিত কারণে সমাবেশে উপস্থিত ছিলেন না। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে যুবদল নেতা মাহবুব আলম কিসমতের নাম উল্লেখযোগ্য।
যুবদল নেতা মাহবুব আলম কিসমত অভিযোগ করে বলেন, সমাবেশস্থলে পৌঁছানোর পর পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিএনপির স্থানীয় এক নেতা পাল্টা অভিযোগ করে বলেন, যুবদলের নেতাকর্মীরাই প্রথম উত্তেজনা সৃষ্টি করে হামলায় জড়ায়।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। প্রাথমিকভাবে হতাহতের নির্ভুল সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM