মোঃজোনায়েদ হোসেন জুয়েল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ, ১২ জানুয়ারি ২০২৬ খ্রিঃ
জেলা পুলিশ কিশোরগঞ্জের উদ্যোগে নীকলি থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে নীকলি থানা প্রাঙ্গনে উক্ত থানাধীন সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) তৃপ্তি মন্ডল।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সাধারণ জনগণের সঙ্গে নীকলি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা করেন। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে জনসাধারণের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন,
“জনসাধারণই পুলিশের শক্তির প্রধান উৎস।”
তিনি আরও বলেন, গণতান্ত্রিক নির্বাচনী ধারাবাহিকতা রক্ষায় এবং একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের সঙ্গে সমন্বয় করে সর্বাত্মকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী জনগণকে সাথে নিয়েই নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণ ও গতিশীল করতে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত।
মুক্ত আলোচনায় তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ জনগণের কোনো অভিযোগ রয়েছে কিনা, পুলিশি হয়রানি, মাদক, চাঁদাবাজি ও দুষ্কৃতকারীদের তৎপরতা সংক্রান্ত বিষয়েও খোঁজখবর নেন। উপস্থিত জনগণ তাদের বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরলে পুলিশ সুপার মহোদয় তা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পুলিশ সুপার বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওপেন হাউজ ডে একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ, আর সেই লক্ষ্যেই আজকের এই আয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীকলি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM