নিজস্ব প্রতিবেদনঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, মাদক ও যোগাযোগ সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি এলাকায় একটি ইটভাটায় অভিযান চালানো হয়।
আটকরা হলেন— বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি গ্রামের মৃত খন্দকার আব্দুর রশিদের ছেলে মশিউল আজম চুন্নু (৫৪) এবং শেখপাড়া গ্রামের মো. রফিক শেখের ছেলে মো. হৃদয় (২৭)। সেনাবাহিনীর তথ্যমতে, মশিউল আজম চুন্নু রাজবাড়ী জেলা বিএনপির বহিষ্কৃত সদস্য ও সাবেক বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অন্তত ১৮টি মামলা রয়েছে। অপর আটক মো. হৃদয় তার সহযোগী বলে জানা গেছে।
অভিযানকালে একটি এয়ার রাইফেল, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল, তিনটি ওয়াকি-টকি, চারটি ওয়াকি-টকি চার্জার, দুটি দেশীয় অস্ত্র (চাকু), একটি ভরা বিদেশি মদের বোতল, তিনটি খালি বোতল এবং নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
বিকেল সাড়ে ৫টার দিকে আটক দুইজনকে জব্দকৃত মালামালসহ রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM