
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা মাঠ থেকে এক রাতের ব্যবধানে ৯টি সেচ মোটর চুরির ঘটনা ঘটেছে গত ২৩ ডিসেম্বর /২৫ রাতে। এতে করে মাঠে চাষাবাদে ব্যাঘাত সৃষ্টি হয়েছে এবং ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
স্থানীয় কৃষকরা জানান, রাতের অন্ধকারে সংঘবদ্ধ চোরচক্র মাঠে স্থাপিত সেচ মোটরগুলো খুলে নিয়ে যায়। সকালে মাঠে এসে মোটর না পেয়ে কৃষকরা হতবাক হয়ে পড়েন। চুরি হওয়া মোটরগুলোর বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে দাবি ভুক্তভোগীদের।
ভুক্তভোগী এক কৃষক বলেন, “বোরো মৌসুম সামনে রেখে আমরা বড় ক্ষতির মুখে পড়লাম। মোটর ছাড়া জমিতে পানি দেওয়া সম্ভব নয়। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই।”
স্থানীয়রা জানান, সম্প্রতি এ এলাকায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।
ঘটনার বিষয়ে মহেশপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং চোরচক্র শনাক্ত ও মোটর উদ্ধারে অভিযান চালানো হবে।
এ ঘটনায় এলাকায় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তারা দ্রুত চুরি যাওয়া মোটর উদ্ধারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।