স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমানঃ
আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনের আওতাধীন একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী বীর সৈনিক শামীম রেজার দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামে পারিবারিক কবরস্থানে যথাযথ সামরিক মর্যাদা ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদান শেষে তাকে সমাহিত করা হয়।
এর আগে দুপুর পৌনে ২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে শহীদ শামীম রেজার মরদেহ কালুখালী উপজেলার কালুখালী মিনি স্টেডিয়ামে আনা হয়। সেখানে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফ্রিজিং ভ্যানে করে মরদেহটি মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামে তার নিজ বাড়িতে নেওয়া হয়।
বাড়িতে পৌঁছানোর পর প্রায় আধাঘণ্টা মরদেহটি স্বজন ও এলাকাবাসীর শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এ সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক নজর দেখার জন্য ভিড় করেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসী। বাড়ির আঙিনায় আহাজারিতে ভেঙে পড়েন শহীদের মা চম্পা বেগম। বারবার জ্ঞান হারালে স্বজনরা তাকে সান্ত্বনা দেন।
দাফন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তাঁরা শহীদ শামীম রেজার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ হন বীর সৈনিক শামীম রেজা। দেশের শান্তিরক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাঁর আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM