ইমদাদুল হক রানা, রাজবাড়ী :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বালিয়াকান্দিতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভারের শুরুতে নবাগত ওসি মোঃ আব্দুর রব তালুকদার উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন,
“পুলিশ ও সাংবাদিক—উভয়ের লক্ষ্য একটাই, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা। সে লক্ষ্যে পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং তথ্যের আদান-প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের সময় অনেক সময় সাংবাদিকরা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। এ ক্ষেত্রে পুলিশের সহযোগিতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে সঠিক ও সত্য তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছানো সহজ হবে। একই সঙ্গে তিনি দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ কিংবা তদন্তাধীন বিষয়ে বিভ্রান্তি ছড়ানো কাম্য নয়। তবে অপরাধ বা অনিয়মের ক্ষেত্রে পুলিশের স্বচ্ছতা ও সময়োপযোগী ব্রিফিং জরুরি।
ওসি আরও আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে একটি পেশাদার, সুস্থ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে, যা পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনগণও উপকৃত হবে।
সভায় উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি মোঃ আতিয়ার রহমান আতিক। তিনি নবাগত ওসি সাহেবকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের সঙ্গে এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাংবাদিকরা আলোচনায় অংশ নিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সমাজের অনিয়ম, অপরাধ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। উভয়ের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, নীরব চাঁদাবাজি, সড়কে যানবাহনের লাইট ব্যবহারে শৃঙ্খলা, অবৈধ নসিমন ও করিমন গাড়ি চলাচল বন্ধসহ নানা বিষয় নিয়ে অভিযোগ ও প্রস্তাব উপস্থাপন করা হয়।
এ সময় অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রব তালুকদার উত্থাপিত সব বিষয় মনোযোগসহকারে শোনেন এবং দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম খান, সেকেন্ড অফিসার এসআই আল-আমিন, বালিয়াকান্দি প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, রিপোর্টার্স ক্লাবের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
রাত সাড়ে আটটায় আলোচনা শেষ হলে আনুষ্ঠানিক ফটোসেশনের মধ্যদিয়ে সমাপ্ত করা হয়।