মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
সাভার উপজেলার আশুলিয়া থানা এলাকায় শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে অর্থ আদায় করার অভিযোগে ৩ সহপাঠিসহ ৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে পিকনিকের কথা বলে ডেকে নিয়ে' কোমল পানীয়র সাথে ঔষুধ খাইয়ে অচেতন করে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় এবং মারধরের অভিযোগে তিন সহপাঠিসহ ৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
২ ডিসেম্বর মঙ্গলবার ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে ৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেলোয়ার ভূইয়া (২৬), তাজুল ইসলাম তাজ (২৩), শ্রাবণ শাহা (২৩) ও একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী অন্তু দেওয়ান (২৮)।
এদের মধ্যে অন্তু দেওয়ান গণ বিশ্ববিদ্যালয়ের ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ানের চাচাতো ভাই বলে জানা গেছে।