কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার ঘুঘরাকাটি গ্রাম থেকে সামিরা খাতুন (৬) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। গত মঙ্গলবার বিকেল থেকে তার কোনো খোঁজ না মেলায় পরিবার, পুলিশ ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। শিশুটির সন্ধান পেতে পুলিশ এবং স্থানীয়রা একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছেন।
নিখোঁজ সামিরা ঘুঘরাকাটি গ্রামের বাসিন্দা মো. শাহ আলম গাতীদার ও বিলকিস বেগম দম্পতির কন্যা। পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট মঙ্গলবার বিকেল আনুমানিক ৫:৩০ মিনিটে সামিরা তার কাকা নসুরোল্লার চায়ের দোকানে যায়, যা ঘুঘরাকাটি বাজার এলাকায় অবস্থিত। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে কয়রা থানা পুলিশকে জানানো হয়। এরপর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১১৪৫, তারিখ: ২৭/০৮/২০২৫) লিপিবদ্ধ করা হয়েছে। নিখোঁজ শিশুটিকে দ্রুত উদ্ধারের জন্য কয়রা থানা পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে এই তল্লাশি কার্যক্রমে অংশ নিচ্ছেন। খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামিরার ছবি ও বিস্তারিত তথ্যসহ হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যাতে দ্রুত তার সন্ধান পাওয়া যায়।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং ডিউটি অফিসার নিখোঁজ শিশুটিকে দ্রুত উদ্ধারের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। যদি কোনো ব্যক্তি সামিরার কোনো সন্ধান পান, তবে দ্রুত নিকটস্থ থানায় অথবা কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) ০১৩২০-১৪০৩৮৯ এবং ডিউটি অফিসার ০১৩২০-১৪০৩৯৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
শিশুটির পরিবার ও পুলিশের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সামিরাকে দ্রুত এবং নিরাপদে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM