দৈনিক নয়া কণ্ঠঃ
তিনটি কারখানা স্থাপন, কর্মসংস্থান হবে ২৫ হাজার মানুষের
হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্পের অন্যতম বড় প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে কোম্পানিটির চেয়ারম্যান হান চুন এই বিনিয়োগ পরিকল্পনার কথা জানান।
প্রথমে প্রতিষ্ঠানটি ১৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা করেছিল এবং ২০২৫ সালের এপ্রিল মাসে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করে। তবে বাংলাদেশ কর্তৃপক্ষের সহযোগিতা ও আরও মূল্যায়নের পর বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ২৫০ মিলিয়ন ডলার করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
হান্ডা ইন্ডাস্ট্রিজ এখন বাংলাদেশে তিনটি কারখানা স্থাপন করতে যাচ্ছে— যার মধ্যে দুটি গার্মেন্টস প্রসেসিং ইউনিট এবং একটি নিটিং ও ডাইং ইউনিট থাকবে। এতে ২৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
হান চুন জানান, “বিডা, বেজা ও বেপজা কর্মকর্তাদের সঙ্গে গঠনমূলক আলোচনা শেষে আমরা এই বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। আমরা বাংলাদেশে আধুনিক প্রযুক্তিনির্ভর বস্ত্রশিল্প গড়ে তুলতে চাই।”
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এই বিনিয়োগকে বাংলাদেশের টেক্সটাইল খাতে চীনের পক্ষ থেকে এযাবৎকালের সবচেয়ে বড় একক বিনিয়োগ হিসেবে উল্লেখ করেছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস হান্ডা ইন্ডাস্ট্রিজের বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, “আপনারা শুধু বিনিয়োগ নয়, বরং বাংলাদেশের টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগে নেতৃত্ব দিচ্ছেন। আশা করি, আরও চীনা কোম্পানি আপনাদের দেখে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশি ডিজাইনারদের প্রশিক্ষণ দিতে হান্ডা ইন্ডাস্ট্রিজ যেন পদক্ষেপ গ্রহণ করে।”
বৈঠকে হান চুন প্রধান উপদেষ্টার সামনে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে তাদের ভবিষ্যৎ কারখানার একটি ডিজাইন উপস্থাপন করেন। ডিজাইন দেখে ইউনূস বলেন, “এটি আমার কাছে একটি শিল্পকর্মের মতো লাগছে।”
প্রথম ধাপে মিরসরাইতে কারখানা নির্মাণের জন্য ৮০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে জমি লিজ চুক্তি বুধবার (৩০ জুলাই) স্বাক্ষরিত হবে। দ্বিতীয় ধাপের জমি ও আনুষঙ্গিক সুবিধাসমূহ ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং হান্ডা ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হেং জেলি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM