নয়া কণ্ঠ প্রতিবেদকঃ
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় এক বছর পার হলেও এখনও আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক মাঠে ফিরতে পারেনি সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। যদিও অন্তর্বর্তীকালীন সরকার দলটির সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে, তথাপি সংগঠনটির নেতা-কর্মীরা গোপনে দেশে-বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশঙ্কা করছে, আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়ে রাজনৈতিক সহিংসতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা থাকতে পারে। সম্ভাব্য সহিংসতা ঠেকাতে সারাদেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
সোমবার (২৮ জুলাই) দেশের সকল পুলিশ ইউনিটে একটি সতর্কবার্তা পাঠানো হয়, যাতে এই ১১ দিনকে 'বিশেষ গুরুত্বপূর্ণ' সময় হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, স্পেশাল ব্রাঞ্চ, চট্টগ্রাম ও খুলনার পুলিশ সুপারসহ দেশের সব জেলা পুলিশ কর্মকর্তার কাছে।
চিঠিতে বলা হয়েছে, “ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সংগঠনগুলো ১ জুলাই থেকে কর্মসূচি পালন করছে। ধারাবাহিকভাবে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত উসকানিমূলক প্রচারণা ও সহিংসতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।”
সতর্কবার্তায় আরও বলা হয়, বিতর্কিত গোষ্ঠীগুলো অনলাইন ও অফলাইনে অপপ্রচার চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এজন্য সাইবার গোয়েন্দা নজরদারি জোরদার করা, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বৃদ্ধি এবং বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের আশপাশে টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষ অভিযানের অংশ হিসেবে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাতে বলা হয়েছে। একইসাথে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রলিং ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশও রয়েছে।
পুলিশের একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ‘ভার্চুয়াল স্কোয়াড’ গড়ে তুলেছে, যারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, “আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিদেশে পাচার করা অর্থের মাধ্যমে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে। এদের কঠোরভাবে দমন করা হবে।”
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM