মো রোহান স্পোর্টস ডেক্স , নয়া কন্ঠঃ
অনেক বছর পর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের খেলা উপভোগ করতে দেখা গেল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। পাকিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। মাঠে বসেই খেলার একটি বড় অংশ উপভোগ করেন বর্ষীয়ান এই রাজনীতিক।
খেলা চলাকালীন একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "আমি সবসময় খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখতে চেয়েছি। ক্রিকেট আমাদের জাতীয় গর্ব, এখানে যোগ্যতার ভিত্তিতেই সুযোগ পাওয়া উচিত।"
সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক মির্জা ফখরুলের কাছে জানতে চান—বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে সাকিব আল হাসান কি আবার জাতীয় দলে ফিরতে পারবেন?
জবাবে মির্জা ফখরুল বলেন, "সেটা নির্ভর করবে সাকিবের ফর্মের ওপর। তখন সে ক্রিকেট খেলবে কিনা সেটাও দেখার বিষয়। আমি কখনোই খেলাধুলায় রাজনীতিকে টানতে চাইনি। যোগ্য হলে, অবশ্যই যে কেউ জাতীয় দলে ফিরতে পারবে।"
উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গত বছরের মাঝামাঝি সময় থেকে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু নির্বাচনের পর থেকেই রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র ও জনতার অভ্যুত্থানকালে সাকিবের নীরব ভূমিকা এবং সরকারি দল সংশ্লিষ্টতার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। ওই সময় গার্মেন্টস শ্রমিক রুবেল হত্যার ঘটনায় দায়ের করা এক মামলায় তার নামও উঠে আসে। সেইসাথে কয়েকটি আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জড়িত থাকার কথাও শোনা যাচ্ছে বিভিন্ন মহলে।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এই ছবিগুলো ঘিরেও সমালোচনার ঝড় ওঠে, বিশেষ করে যখন জুলাই গণহত্যার অভিযোগে অভিযুক্তদের সঙ্গেও তাকে দেখা যায়।
সাকিব বর্তমানে জাতীয় দলে নেই এবং দেশের মাটিতে দীর্ঘদিন ধরে আর কোনো ম্যাচ খেলেননি। সর্বশেষ পাকিস্তান ও ভারত সফরে খেললেও তাতে তার পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে।
এমন প্রেক্ষাপটে মির্জা ফখরুলের বক্তব্য স্পষ্ট করছে যে, বিএনপি ক্ষমতায় এলে কোনো রাজনৈতিক বিবেচনায় নয়, বরং পারফরম্যান্স ও যোগ্যতার ভিত্তিতেই জাতীয় দলে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচিত হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM