কিশোরগঞ্জ প্রতিনিধি:
ফুটবল মাঠের ছোট্ট বিরোধ এক প্রতিবন্ধী যুবকের জীবন-মরণ পরিস্থিতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিশোরগঞ্জের ইটনায় রিক্সন ভূঁইয়া (৩০) নামের এক যুবক, যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। স্থানীয়রা বলছেন, শুধু ফুটবল খেলাকে কেন্দ্র করেই নয়—এই হামলার পেছনে আছে সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্বের জটিল পটভূমি।
রিক্সনের শরীরে এখন ধারালো অস্ত্রের কোপের চিহ্ন, পিঠ ও পায়ে রডের আঘাত। তিনি কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। রিক্সনের মা আজিরুম বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে প্রতিবন্ধী, একহাত নেই। কেমন করে মানুষ হয়েও মানুষকে এভাবে কুপাতে পারে!”
ফুটবল থেকে ফৌজদারি মামলা
ঘটনার সূত্রপাত মাসখানেক আগে—রিক্সনের ছোট ভাই বাঁধনের সঙ্গে স্থানীয় কয়েকজনের ফুটবল খেলাকে ঘিরে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তখন থেকেই তাদের ওপর বিরূপ মনোভাব গড়ে তোলে প্রতিপক্ষ। মঙ্গলবার রাতে রিক্সন বাজার থেকে বাড়ি ফেরার পথে পুতারবাড়ি এলাকায় ওঁৎ পেতে থাকা হামলাকারীরা ধারালো অস্ত্র ও রড নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।
ঘটনার পরদিন রিক্সনের বাবা হাবিবুর রহমান ভূঁইয়া ইটনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত সাত-আটজনকে অভিযুক্ত করা হয়েছে। নাম রয়েছে—রামিম হাসান মানার, মাহমুদুল হাসান রনি, ইমন মিয়া, হামিদুল মিয়া, মুর্শিদ ভূঁইয়া, মহসিন ভূঁইয়া, আব্দুল হামিদ ভূঁইয়া এবং জাহাঙ্গীর ভূঁইয়ার।
রাজনৈতিক নাম উঠে এসেছে
তালিকাভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি ও ছাত্রদল সংশ্লিষ্ট কয়েকজন নেতা-কর্মী। অভিযোগে থাকা মাহমুদুল হাসান রনি বাদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, তার বাবা আব্দুল হামিদ ভূঁইয়া স্থানীয় বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক। একইভাবে মুর্শিদ ভূঁইয়ার ছেলে তানজির সিদ্দিকী রিয়াদ ইটনা উপজেলা যুবদলের সদস্য সচিব।
তানজির অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বাবা একজন বৃদ্ধ। রাজনৈতিকভাবে আমাদের পরিবারকে হেয় করতেই তাঁর নাম মামলায় ঢোকানো হয়েছে।”
পুলিশ কী বলছে
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, “মামলার তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।”
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM