হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জুলাই বিপ্লব ২০২৪’ উপলক্ষে আয়োজিত সেমিনার সিরিজের শেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) বিকেল ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘শহীদ আবু সাঈদ ও জাগ্রত চেতনার বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. ফরিদ উদ্দীন খান।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফিশারিজ অনুষদের অধিকর্তা প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান মন্ডল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, এবং আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. ছাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। স্বাগত বক্তব্য দেন জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, যিনি সেমিনারটি সঞ্চালনাও করেন।
সেমিনারে আরও বক্তব্য দেন জুলাই যোদ্ধা মাহাইর ইসলাম (আরবি বিভাগ), প্রত্যয় সিনদীদ (আইন বিভাগ) ও সজীব মেহেদী (সমাজকর্ম বিভাগ)।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুর রহমান বলেন, “জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ আবু সাঈদ আমাদের তরুণদের কাছে বিপ্লবের আইকন হয়ে উঠেছেন। তাঁর মৃত্যু আমাদের ভয় ভেঙে দিয়েছিল, আমাদের ঝাঁপিয়ে পড়তে সাহায্য করেছিল ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে। আবু সাঈদ আমাদের অনিঃশেষ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লব ছাত্রজনতার সম্মিলিত আবেগ, সাহস আর আত্মত্যাগের ফল। আবেগ ছাড়া জীবন দেওয়া যায় না—আবু সাঈদ সেটাই প্রমাণ করেছেন। তরুণদের আবেগ আর চেতনার শক্তি আমাদের কাঙ্ক্ষিত বিজয় এনে দিয়েছে।”
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, ইতিহাসের প্রতিটি গণআন্দোলনে ছিল একটি করে মোড় ঘোরানো ঘটনা। যেমন, ৬৯ সালে আসাদের মৃত্যু, ৯০ সালে নূর হোসেনের আত্মদান, তেমনি ২০২৪ সালের বিপ্লবে আবু সাঈদের শাহাদাত আন্দোলনের গতিপথ বদলে দেয়। তাঁর আত্মত্যাগে সাধারণ মানুষ রাজপথে নামে, তরুণ প্রজন্ম দেখিয়ে দেয় তারা ন্যায়ের দাবিতে জীবন দিতেও প্রস্তুত।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, “জুলাই বিপ্লব ছিল আমাদের দেশপ্রেমের কঠিন পরীক্ষা। আমরা সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই বিজয় অর্জন সম্ভব হয়েছে। শহীদ আবু সাঈদের আত্মদান ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। তাঁর বীরত্ব ইতিহাসে এক অনন্য কীর্তি হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “আন্দোলনের মূল চেতনা ধরে রাখা এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। ক্ষমতার লোভে যেন সেই চেতনা বিলীন না হয়, সেদিকে তরুণ প্রজন্মকে সতর্ক থাকতে হবে।”
সেমিনারে বক্তারা সকল রাজনৈতিক দল ও গোষ্ঠীকে বিভাজনের রাজনীতি পরিহার করে জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM