রাজশাহী ব্যুরোঃ
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও চিকিৎসক ডা. নাজিব ওয়াদুদ শনিবার ১২ জুলাই দৈনিক রাজশাহী সংবাদ-এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সাংবাদিকতা , সামাজিক ও সাহিত্য অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী ডা. নাজিব ওয়াদুদ এর আগে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক প্রথম প্রভাত, দৈনিক নতুন প্রভাত , সাপ্তাহিক উত্তর জনপদ , এবং দৈনিক লাল গোলাপ পত্রিকায় সম্পাদক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), এসোসিয়েটেড প্রেস অব বাংলাদেশ (এপিবি), ডেইলি টেলিগ্রাফ, ডেইলি স্টার, নিউ এইজ ও দৈনিক নয়া দিগন্ত-এ জেলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টার ও ব্যুরো চীফ হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি বিভিন্ন মেয়াদে রাজশাহী সিটি প্রেসক্লাব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
ডা. নাজিব ওয়াদুদ দেশের একজন খ্যাতিমান কথাশিল্পী ও অনুবাদক। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৫ এর অধিক । সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের জন্য তিনি দেশ-বিদেশের অসংখ্য সরকারি ও বেসরকারি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
এছাড়া তিনি গণঅভ্যুত্থান ২০২৪ চেতনা পরিষদ রাজশাহী, জুলাই ৩৬ পরিষদ রাজশাহী, রাজশাহী সংস্কৃতি কেন্দ্র, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন রাজশাহী , পরিচয় সংস্কৃতি সংসদ, রাজশাহী মানবকল্যাণ সংস্থা সহ একাধিক সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্য, পরিচালক, সভাপতি ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।পাশাপাশি তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী মহানগরী ইউনিট-এর নির্বাহী সদস্য।
গবেষণার ক্ষেত্রেও তার অবদান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক জার্নালে তার ২৫টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
ডা. নাজিব ওয়াদুদ ১৯৬১ সালের ২০ জুলাই রাজশাহী মহানগরীর উপকণ্ঠে কাটাখালি পৌরসভার শ্যামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি মাসকাটা দিঘী হাইস্কুল থেকে এস এস সি ও রাজশাহী সরকারি কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের অতিরিক্ত প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২৪ সালের ২০ জুলাই অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি একই প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক অতিরিক্ত প্রধান চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও পাঠদান করছেন।
রাজশাহীর সাংবাদিক জগতে তাকে শিক্ষক হিসেবে সবাই ভক্তি করেন ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM