হারুন রশিদ, জেলা প্রতিনিধিঃ
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, "৫ আগস্টেই আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। যেই নৌকা একবার ডুবে গেছে, তা আর কখনও উঠতে দেওয়া হবে না।"
রোববার (১৩ জুলাই) দিনাজপুর শহরের বাহাদুর বাজার মোড়ে ‘গণঅভ্যুত্থান স্মরণ’ ও আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে জাগপার নেতাকর্মীরা শহরে গণসংযোগ ও র্যালি করেন।
রাশেদ প্রধান আরও বলেন, "বাংলাদেশে এখনো ষড়যন্ত্র চলছে, যার উৎস ভারত। আমাদের সেনানিবাসের ভেতরে অবস্থিত এমআইএসটি (MIST) নামক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো ভারতের চারজন সেনা কর্মকর্তা কীভাবে দায়িত্ব পালন করছেন—তা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জানতে চাই।"
তিনি অভিযোগ করেন, "শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক দল, প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’র এজেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তার পতনের ১০ মাস পরেও এই আধিপত্য চলতে দেওয়া যায় না। আগামীর বাংলাদেশে ভারতীয় আগ্রাসন কখনো মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ।"
পথসভায় সভাপতিত্ব করেন জেলা জাগপা সভাপতি অ্যাডভোকেট নুরুন্নবী। সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম। বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল প্রধান, সাংগঠনিক সম্পাদক অরুণ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM