মো শারীদ মোল্লা বিশেষ প্রতিনিধিঃ
অন্তর্বর্তী সরকারের ১১ মাসের শাসনামলে প্রবাসী আয় এবং রপ্তানি আয়ের উল্লম্ফনের ফলে ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ দিনে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে।
গতকাল রবিবার (১৩ জুলাই) দেশের অধিকাংশ ব্যাংকে ডলারের বিনিময় মূল্য ছিল প্রতি ডলার ১২০.৩০ থেকে ১২১.২০ টাকা, যেখানে গত সপ্তাহের শুরুতে এই হার ছিল ১২২.৮০ থেকে ১২২.৯০ টাকা। অর্থাৎ ডলারের দর কমেছে প্রায় ২ টাকা, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স। আগের অর্থবছর ২০২৩-২৪ সালে প্রাপ্ত রেমিট্যান্স ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৮০ শতাংশ।
এ ধারাবাহিকতায়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা প্রায় ১ হাজার ৭১ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। এ সময় গড় দৈনিক রেমিট্যান্স প্রবাহ ছিল ৮৯ দশমিক ২৫ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি (৯৪৮ মিলিয়ন ডলার ছিল ২০২৪ সালের একই সময়ে)।
এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে দেশের রপ্তানি আয় ৮ দশমিক ৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন ডলারে, যা দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের ইঙ্গিত দেয় এবং মুদ্রা বাজারে টাকার অবস্থান শক্তিশালী করেছে।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাসসকে বলেন, “বাজারভিত্তিক বিনিময় হার চালুর পরও ডলারের দরপতন অব্যাহত রয়েছে। এটি টাকার মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, “প্রায় ১১ মাস আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর অর্থনীতি, প্রশাসন ও প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কারে নানা উদ্যোগ নেওয়া হয়, যা বাজারে আস্থা সৃষ্টিতে সহায়ক হয়েছে।”
তার মতে, ডলারের দাম কমে প্রায় ১২০ টাকায় নামার পেছনে বড় কারণ হচ্ছে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধি। এটি গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “২০২৪ সালের আগস্ট মাস থেকে রেমিট্যান্স ধারাবাহিকভাবে বাড়ছে, যা বিনিময় হার নিয়ন্ত্রণে রাখতে সরকারকে সহায়তা করছে। এই প্রবৃদ্ধি দেশের জন্য এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বস্তি হিসেবে কাজ করছে।”
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM