ইমদাদুল হক রানা রাজবাড়ী:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পরিবেশবান্ধব প্রণোদনা কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ১,৩৫৫ জন শিক্ষার্থীর মাঝে ৫,৪২০টি ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান।
কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষার্থীকে চারটি করে গাছের চারা (নিম, বেল, জাম ও কাঁঠাল) প্রদান করা হয়। চারা বিতরণকালে ইউএনও বলেন, “পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি এখন থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলে, তাহলে ভবিষ্যতে একটি সবুজ ও টেকসই সমাজ গড়ে উঠবে।”
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুল ইসলাম জানান, “২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এই চারাগুলো বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীদের উৎসাহিত করতেই প্রত্যেককে চারটি করে ফলজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা পরিবেশবান্ধব কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার সাখাওয়াত হোসেন গালিব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও উপসহকারী কৃষি কর্মকর্তারা।
আয়োজকরা জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করবে এবং তারা নিজের হাতে লাগানো গাছের যত্ন নিতেও উদ্বুদ্ধ হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM