ইমদাদুল হক রানাঃ
ফরিদপুর সদর উপজেলার গুহলক্ষ্মীপুর রেলওয়ে বস্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ধ্বংস হয়েছে দীর্ঘদিন ধরে চলা মাদক ও সন্ত্রাসের চক্র। অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত আলোচিত শিল্পী বেগম (৩০) ও তার পরিবারের সদস্যসহ মোট ১৫ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও অপরাধ সংশ্লিষ্ট সরঞ্জাম।
সেনাবাহিনী সূত্র জানায়, সম্প্রতি ফরিদপুর আর্মি ক্যাম্পে গুহলক্ষ্মীপুর এলাকার রেলওয়ে বস্তিতে মাদক কারবার, জোরপূর্বক দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ আসে। গোপন সূত্রে জানা যায়, শিল্পী বেগম ওই এলাকায় সুসংগঠিত মাদক নেটওয়ার্ক পরিচালনা করছিলেন। নারীদের ব্যবহার করে প্রকাশ্যে ইয়াবা, গাঁজা ও হেরোইন বিক্রির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এছাড়া ভারতীয় মাদক পাচার চক্রের সঙ্গে তার সরাসরি যোগাযোগেরও তথ্য মিলেছে।
২৬ জুন রাত ৮টায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ১৫ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও পুলিশ যৌথভাবে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তাৎক্ষণিকভাবে ৭ জনকে হাতেনাতে মাদক বিক্রির সময় আটক করা হয়। পরবর্তীতে এলাকাজুড়ে তল্লাশি চালিয়ে বস্তির কেন্দ্রে অবস্থিত শিল্পীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও আরও ৮ জনকে আটক করা হয়।
অভিযানে শিল্পীর বাড়ি থেকে ৪৫.৫ কেজি গাঁজা, ৩৩৭টি ইয়াবা ট্যাবলেট, ২১১টি হেরোইনের প্যাকেট, ৬১টি দেশীয় অস্ত্র, ২টি বিদেশি মদের বোতল, ৯টি ফিচার ফোন ও ১০টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রস্তুতি চলছে।
সেনাবাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এলাকাবাসীকে অপরাধ দমনে সহযোগিতা ও তথ্য প্রদানের আহ্বান জানানো হয়েছে
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM