তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক সাহেদ হাসান।
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে পাঠানো শোক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম নিহত হয়েছেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিহত রাশেদুল ইসলামের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়। কিছুদিন আগে তিনি স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন। সোমবার কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে ফেরার পথে বিত্তিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাশেদুলের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM