মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহীর বাগমারায় শিয়াল মারার উদ্দেশ্যে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে উপজেলার মোহনপুর গ্রামের একটি পোলট্রি খামারের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহত যুবকের নাম আবদুল মমিন (৩৮)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিকভাবে অসুস্থ মমিন অবিবাহিত ছিলেন। প্রায়ই রাতের বেলায় তিনি একা ঘুরতে বের হতেন। শুক্রবার রাতেও খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে স্থানীয়রা খামারের পাশে একটি বৈদ্যুতিক তারে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে এলাকাবাসী প্রথমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বাগমারা থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পোলট্রি খামারের মালিক ইউসুফ আলী বলেন, ঈদ সামনে রেখে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। কয়েকদিন আগে এক রাতে ৫০টির বেশি মুরগি খেয়ে গেছে। তাই খামার রক্ষায় রাত ১২টার পর থেকে খোলা বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পাতি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM