কালুখলী উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমানঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলায় আসলাম প্রামানিক (৪২) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালককে শ্বাসরোধে হত্যার পর তাঁর ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ জুন) সকালে উপজেলার চাঁদপুর এলাকায় চন্দনা নদীর ব্রিজের নিচ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আসলাম প্রামানিক পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং পিয়ার আলী ওরফে চেনু প্রামানিকের ছেলে।
স্থানীয় বাসিন্দা সোহরাব শেখ সকালে নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
আসলামের ভাতিজা আজগর প্রামানিক বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে চাচা ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে ফিরে না আসায় আমরা খোঁজাখুঁজি করি। সকালে নদীতে মরদেহ উদ্ধারের খবর পেয়ে এসে চাচাকে শনাক্ত করি।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, আসলাম প্রামানিককে শ্বাসরোধে হত্যার পর তাঁর ইজিবাইকটি ছিনতাই করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM