মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী
রাজশাহী নিউ মার্কেট এলাকায় অবস্থিত বহুতল বাণিজ্যিক ভবন ‘থিম ওমর প্লাজা’তে মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যমতে, দুপুর ১২টা ৩০ মিনিটে ভবনের সপ্তম তলায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মঞ্জিল হক জানান, আগুন লাগার খবর পেয়েই অভিযান শুরু করা হয়। উঁচু ভবনে আগুন নেভাতে টিটিএল (মইবাহী) গাড়িরও সহায়তা নেওয়া হয়। তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আগুন ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই।
ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সোয়াত ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্রেতা ও দোকান মালিকরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন। পুরো মার্কেট ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা দুইজন অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। তবে কোনো প্রাণহানির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
পাশের দোকানের মালিক আল আমিন দাবি করেন, সপ্তম তলায় অবস্থিত খাবারের দোকান “ফুড প্যালেস” থেকেই আগুনের সূত্রপাত ঘটে। তিনি জানান, ওই ফ্লোরে ২২টি দোকান রয়েছে এবং আগুনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ সম্পর্কে জানতে চাইলে মঞ্জিল হক জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, থিম ওমর প্লাজা রাজশাহীর একটি আধুনিক এবং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শপিং সেন্টার। এটি রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন একটি দশতলা ভবন। এর প্রথম সাতটি তলা বাণিজ্যিক এবং উপরের তিনটি তলা আবাসিক ব্যবহার হয়ে থাকে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দুপুর ৩টার দিকে ফায়ার সার্ভিসের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে এখনও সময় লাগবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM