ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধিঃ
শিল্পনগরী ভালুকাকে মাদক ও অনলাইন জুয়ার ভয়াল ছোবল থেকে মুক্ত করতে প্রশাসন ও জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
সমাজের এসব অবৈধ ও বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সম্প্রতি এক বিশেষ বার্তায় তিনি সুধী সমাজের কাছে সরাসরি সহযোগিতা কামনা করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ওই বার্তায় ইউএনও স্পষ্টভাবে বলেন, ""শিল্প নগরীর সম্মানিত সুধি, ভালুকার মাদক/ অনলাইন জুয়ার আখড়া কোথায় কোথায় তা কমেন্টে বা ইনবক্সে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।"
তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে এইসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য পেলে অভিযান আরও কার্যকর ও টার্গেটেড হবে।
ইতোমধ্যেই অনেক স্থানীয় বাসিন্দা ইউএনও’র বার্তায় সাড়া দিয়ে ইনবক্স ও কমেন্টের মাধ্যমে তথ্য প্রদান শুরু করেছেন বলে জানা গেছে। স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন।
ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ স্পষ্টভাবে জানিয়েছেন, সমাজকে মাদক ও জুয়ার ভয়াবহতা থেকে মুক্ত করতে হলে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, ভালুকাকে একটি নিরাপদ, সুস্থ ও উন্নত বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা।
প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে ভালুকার সচেতন মহল বিশেষভাবে ইতিবাচক হিসেবে দেখছেন। পাশাপাশি তারা মনে করছেন, নাগরিক তথ্যভান্ডার সমৃদ্ধ হলে এই উদ্যোগ বাস্তবায়ন হবে আরও গতিশীল ও সফল।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM