মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
গোয়ালন্দ উপজেলার প্রত্যান্ত চরাঞ্চলে নির্বিঘ্নে ঘরে ফসল কেটে ঘরে আনতে এবং রাসেলস ভাইপার সাপের কামড় থেকে রক্ষা পেতে কৃষকদের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুর ১২ টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের ১৫০ জন কৃষকের মাঝে এ গামবুট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ইউওনও মো. নাহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরউজ্জামান প্রমুখ।
গামবুট নিতে আসা চাষি হোসেন আলি বলেন, এতোদিন সাপের ভয়ে ক্ষেতে যেতে পারিনি। এখন গামবুট পেয়েছি, নিশ্চিন্তে ক্ষেতে যেতে পারবো, ক্ষেতের ফসল তুলে ঘরে আনতে পারবো। অনেক ফসল ইতোমধ্যে ক্ষেতেই নষ্ট হয়ে গেছে। এছাড়া শ্রমিকরাও ভয়ে ক্ষেতে নামছিল না। এখন সবাই ক্ষেতের ফসল ঘরে আনতে পারবো।
কৃষাণি হামিদা বেগম বলেন, আমরা চরাঞ্চলের মানুষ সাপের ভয়ে ঘর থেকে বের হতে পারি না। ইউএনও স্যার আমাদেরকে গামবুট দিয়েছেন, এখন গামবুট পড়ে ক্ষেতে যেতে পারবো। চলাচলেও কোনও সমস্যা হবে না। নিশ্চিন্তে ফসল ঘরে তুলে আনতে পারবো।
তিনি আরও বলেন, স্বামীসহ সন্তানরা মিলে আমরা সবাই ক্ষেতে কাজ করি। জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময় ক্ষেতে যেতে হয়। সাপের ভয়ে ধান ক্ষেত থেকে কাটতে পারিনি এখনও। ধান, ক্ষেতের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। গামবুট পেয়েছি, এখন ক্ষেতে যেতে সমস্যা হবে না।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, রাসেলস ভাইপার সাপের ভয়ে কৃষকরা ক্ষেতে ফসল তুলতে যেতে পারছিল না এবং তারা আতঙ্কিত ছিলো। মিডিয়ায় সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজর আসে। কৃষকদের কথা চিন্তা করে সাপের কামড় থেকে বাঁচতে গামবুট দেয়া হয়েছে। চরাঞ্চলের ১৫০ জন চাষিদের মাঝে গামবুট দেয়া হলো। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের চাষিদের মাঝে গামবুট বিতরণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM