পুলিশের উপস্থিতি দেখেই হার্ট অ্যাটাক কাউন্সিলর
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন (৫৫) মারা গেছেন। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে নগরীর দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকারই বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেন কামাল হোসেন। তবে দলে কোনো পদ-পদবী ছিল না তার। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে চারটি মামলা দায়ের হয়। এছাড়াও তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও ছিল।
পুলিশ ও পরিবারের ধারণা, এসব মামলার কারণে আত্মগোপনে থাকতেন কামাল হোসেন। বুধবার রাতে পুলিশের উপস্থিতি দেখে তিনি আতঙ্কিত হয়ে দৌঁড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
তার ছেলে সোহান শাকিল শিমুল জানান, “রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে ছাদে উঠতে যান। সিঁড়িতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা ছিল। তিনি আত্মগোপনে ছিলেন। শুনেছি, রাতে তিনি মারা গেছেন। তবে পুলিশ তাকে ধরতে যায়নি। পুলিশ অন্য একটি কাজে সেখানে গিয়েছিল। তিনি হয়তো ভুল বুঝে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন।”
ওসি আরও জানান, মরদেহ পরিবারের হেফাজতেই রয়েছে এবং তারা দাফনের ব্যবস্থা করছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM