নেত্রকোনায় ইজিবাইকের চাবি দিয়ে ট্রাফিক পুলিশকে জখম
শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনায় দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশকে জখম করার অভিযোগ উঠেছে মাহাবুব রহমান (২৫) নামের এক ইজিবাইক চালকের বিরুদ্ধে। গতকাল বুধবার (১৯মার্চ) সন্ধ্যায় শহরের মোক্তারপাড়া সেতুর পাশে ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইজিবাইক চালককে পুলিশ আটক করেছে। পরে এ ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।আহত ট্রাফিক কনস্টেবলের শামসুল হক বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অভিযুক্ত ইজিবাইক চালক মাহাবুব নেত্রকোনা পৌরসভার আনন্দবাজার এলাকার বাসিন্দা। নেত্রকোনার ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, প্রতিদিনের মতো গতকাল ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন শামসুল হক। সন্ধ্যায় হঠাৎ মোক্তারপাড়া সেতুর দক্ষিণ পাশে যানজট হলে ট্রাফিক কনস্টেবল শামসুল হক সিগন্যাল দিয়ে কিছু ইজিবাইক থামান। এ সময় ইজিবাইক চালক মাহাবুব রেগে ইজিবাইক থেকে নেমে শামসুলের ওপর হামলা করেন। তিনি ইজিবাইকের চাবি দিয়ে শামসুল হকের গালে আঘাত করেন। এ ঘটনায় তাঁর গাল ও গলা কেটে যায়। এ সময় স্থানীয় লোকজন ও অন্য ট্রাফিক পুলিশ সদস্যরা মাহাবুবকে আটক করেন এবং আহত শামসুল হককে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, শামসুল হকের মুখের বাঁ পাশে দুটি সেলাই করতে হয়েছে। এ ঘটনায় গতকাল রাতে মামলা করা হয়েছে।নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বলেন, ঘটনার খবর পেয়ে ইজিবাইক চালককে আটক করে থানায় নেওয়া হয়। তাঁর ইজিবাইকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আহত ট্রাফিক কনস্টেবল বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত চালককে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM