বিদ্যুতের তারে শক খেয়ে গুরুতর আহত কিশোর
জেলা প্রতিনিধি রাজবাড়ী, কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা এলাকায় বসতবাড়ির ছাদ থেকে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে শক খেয়ে সোহানুর রহমান (১২) নামের এক কিশোর আহত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে সজ্জনকান্দা হসপিটালের পিছনে ওয়ান টু’ র মাঠের একটি দোতলা বিল্ডিং এর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় সোহানুরকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। আহত সোহানুর রহমান (১২) এভারেজ কোম্পানির ম্যানেজার আব্দুল ওয়াদুদের ছেলে।
জানা গেছে, শিশু সোহানুর রহমান সজ্জনকান্দার হসপিটালের পিছনে ওয়ান টু’র মাঠে একটি ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতো। মাসখানেক হলো তারা নতুন ওই ভাড়া বাসায় উঠেছে। ওই বাসার দোতলা ভবনের ছাদের ওপর দিয়ে ৩৩ হাজার কেভির হাই ভোল্টেজের বিদ্যুৎ এর তার গিয়েছে। বিকালে পরিবারের সকলের অজান্তে খেলার ছলে শিশুটি বাসার দোতলার ছাদে উঠে ওই তার ধরলে মুহূর্তের মধ্যে বিকট শব্দ হয়। পরে সবাই ছাদে গিয়ে দেখে শিশুটি শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে, সে ছাদের ওপর পড়ে আছে। পরে তাকে আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান, ওই ভবনের মালিক ঝুঁকিপূর্ণভাবে ভবনটি নির্মাণ করেছে। দোতলা ভবনের ছাদের ঠিক এক ফিট ওপর দিয়েই ৩৩ হাজার কেভিসহ ১১ হাজার কেভির বিদ্যুৎ এর তার রয়েছে। ভবনটির ইঞ্জিনিয়ার কিভাবে ওই তারের নিচে ভবন করার জন্য সম্মতি পেল সেটা বোধগম্য না। আবার, পৌরসভা থেকে কিভাবে ভবনটি নির্মাণের জন্য পাস করা হলো সেটাও তাদের বোধগম্য হচ্ছে না।
এ বিষয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রয়াস দত্ত বলেন, শিশুটি হাই ভোল্টেজ তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তার শরীরের সকল অংশই পুড়ে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেছি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM