মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট বাজারে চোখ রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক্ষেত্রে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন ১১তম আসরের কিছু ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজন করতে চায় পিসিবি। যাতে করে যুক্তরাষ্ট্রে থাকা পাকিস্তানি এবং এশিয়ার ক্রিকেটপ্রেমিরা পিএসএলের ম্যাচগুলো উপভোগ করতে পারেন।
মূলত দক্ষিণ এশিয়ার বিপুল সংখ্যক অভিবাসীর কারণে যুক্তরাষ্ট্রে ক্রিকেট দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। গত বছরের ৯ জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচটি আয়োজন করে আইসিসি।
সেই ম্যাচে স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ ছিল। সেই ম্যাচের দর্শক সমাগম দেখে মুগ্ধ ক্রিকেট পাকিস্তান। তাইতো পিএসএলের কিছু ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজন করতে চায় পাকিস্তান।
ক্রিকেট পাকিস্তান সূত্রের খবর, পিএসএলের প্রধান সালমান নাসির বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সফর করছেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সেই সফরে তিনি যুক্তরাষ্ট্রে ক্রিকেট সম্পর্কিত বিষয় নিয়েও সে দেশের ক্রিকেট কর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আলোচনা করেছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড চাচ্ছে যুক্তরাষ্ট্রে বসবাসরত এশিয়ান অধিবাসী ক্রিকেট ভক্তদের বিনোদিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্রিকেট বাজার থেকে মুনাফা নিতে। পিসিবি এই লাভজনক বাজারটিকে শুধুমাত্র ভারতের জন্য ছেড়ে দিতে চায় না।
এই কৌশলের অংশ হিসেবে পিএসএলের আসন্ন ১১তম আসরে কয়েকটি ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজন করতে চায় পিসিবি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে সক্রিয় দুইজন পাকিস্তানি পিএসএলের দল কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। আশা করা হচ্ছে তাদের অন্তত একজন পিএসএলের একটি ফ্র্যাঞ্চাইজি কিনতে পারবেন। এ বিষয়গুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, চূড়ান্ত কিছু হয়নি। তবে এটা ঠিক, পিসিবি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ক্রিকেট বাজারে পা রাখার চেষ্টা শুরু করছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM