ভিআইপি গ্যালারিতে বসে সংসদের অধিবেশন অবলোকন করেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
জাতীয় সংসদের ২৪তম অধিবেশন প্রত্যক্ষ করলেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (৪ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের বিরতির পর তিনি সংসদের ভিআইপি গ্যালারিতে বসে সংসদের অধিবেশন দেখেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাবেক রাষ্ট্রপতির উপস্থিতির বিষয়টি সংসদে জানান দিলে সংসদ সদস্যরা তাকে করতালি মাধ্যমে স্বাগত জানান।
সোমবার বৈঠকে আইন প্রণয়ন কার্যক্রম চলাকালে আবদুল হামিদ সংসদের ভিআইপি গ্যালারিতে প্রবেশ করেন। ওই সময় জাতীয় পরিচয় নিবন্ধন আইন উত্থাপন কার্যক্রম চলছিল। আইনটি উত্থাপন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই স্পিকার শিরীন শারমিন সাবেক রাষ্ট্রপতির উপস্থিতির সংসদে অবহিত করেন। তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজকের সংসদের বৈঠক প্রত্যক্ষ করছেন।’ এ সময় সংসদ সদস্যরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানান।
পরে অন্য একটি ইস্যুতে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘গত ৫৩ বছরের ইতিহাসে এই সংসদে যে ঘটনাটা আমরা প্রত্যক্ষ করলাম- সেটা গণতন্ত্রের সৌন্দর্য। যা ইতিপূর্বে কখনও দেখি নাই'।
সাবেক রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই দেশে একজন স্পিকার ছিলেন। ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেছেন। ডেপুটি লিডার অব দ্য অপজিশন ছিলেন। দুইবার দেশের রাষ্ট্রপতি ছিলেন। কোনও রাষ্ট্রপতির অবসরের পরে সংসদে এসে অধিবেশন প্রত্যক্ষ করেছেন, এটা বোধহয় প্রথম। সেজন্য ওনার থেকে আমরা অনেক কিছু শিখেছি। অনেক কিছু জেনেছি। বাংলাদেশের রাজনীতির মাঠে উনি একজন অত্যন্ত সফল রাজনৈতিক ব্যক্তিত্ব ও একজন ভালো মনের মানুষ। আমি তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই।’
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM