নেত্রকোণায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের রহস্যজনক মৃত্যু মাঠে কাজ করছে জেলা পুলিশ
শহীদুল ইসলাম রুবেল
নেত্রকোণাে জেলা প্রতিনিধি :
নেত্রকোণায় নিজ ঘর থেকে দীলিপ কুমার রায় (৭১) নামের অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে জেলা শহরের বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দীলিপ কুমার রায় নেত্রকোণা আবু আব্বাছ কলেজের কৃষিশিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মাইজার এলাকায়।পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দীলিপ রায় ও বিভা সাহা দম্পতির এক ছেলে ও মেয়ে ঢাকায় বসবাস করেন। ছেলে রাজিব কুমার রায় অর্থ মন্ত্রণালয়ের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে (এমআরএ) উপপরিচালক হিসেবে কর্মরত।
ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন বিভা সাহা। দীলিপ রায় বাসায় একাই ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি খাবার খেয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে যান। আজ সকাল সাতটার দিকে গৃহকর্মী তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে চলে যান। পরে সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী বিভা সাহা ঢাকা থেকে বাসায় পৌঁছে ঘরের দরজায় তালা দেখতে পান। একপর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় দরজার তালা ভেঙে তিনি ভেতরে প্রবেশ করেন এবং খাটের নিচে স্বামীর রক্তাক্ত দেহ দেখতে পান। তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীলিপ রায়ের স্বজনেরা বলেন, কিভাবে এমন ঘটনা ঘটল, তা তারা বুঝতে পারছেন না। তার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তাদের ধারণা, দুর্বৃত্তরা চুরি বা ডাকাতির উদ্দেশ্যে ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করেছে।এ ব্যাপারে জেলা পুলিশের মিডিয়া মূখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, নিহতের লাশ নেত্রকোণার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM