দৈনিক সানশাইন সম্পাদক বকুলের ইন্তেকাল, সাংবাদিক নেতৃবৃন্দের শোক প্রকাশ
রাজশাহী ব্যুরো ঃ দৈনিক সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে রাজশাহী নগরীর মেহেরচন্ডি এলাকার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর মেহেরচন্ডী মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে চকপাড়া গোরস্থানে দাফন করা হয়।
এর আগে রোববার দিবাগত রাতে রাজধানী ঢাকার ইসিবি চত্বর এলাকায় তার ছোট ছেলে শরিফ উল ইসলামের বাড়িতে এশার নামাজ শেষ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অন্য সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ইস্ট-ওয়েস্ট হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার সিটিস্ক্যান করা হয়। চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে ম্যাসিভ রক্তক্ষরণ হয়েছে। কোনভাবেই কোন কিছু করা সম্ভব নয় বলে চিকিৎসকরা পরিবারকে জানিয়ে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেন। সোমবার দিবাগত রাতে তসিকুল ইসলাম বকুলকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে রাজশাহী নিজ বাড়িতে আনা হয়। সেখানেই মঙ্গলবার সকালে মারা যান তিনি। তসিকুল ইসলাম বকুলের বাবার নাম মাজহারুল ইসলাম ও মাতা উম্মেল খায়ের। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার মিস্ত্রি পাড়ায়।
সাংবাদিক বকুল রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ বেতার রাজশাহীর বার্তা বিভাগে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তিনি দৈনিক বার্তা ও দৈনিক সোনালী সংবাদেও কাজ করেন। সর্বশেষ তিনি দৈনিক সানশাইনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, সানশাইন সম্পাদক তসিকুল ইসলাম বকুলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। মঙ্গলবার এক শোক বার্তায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল, সহসভাপতি মঈন উদ্দিন, বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, নির্বাহী সদস্য সোহেল মাহবুব, আরইউজের সাবেক সভাপতি এসএমএ কাদের, ডা. নাজিব ওয়াদুদ, সরদার আব্দুর রহমান এই শোক প্রকাশ করেন। সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোক বার্তায় তারা বলেন, মহান আল্লাহ মরহুমের নেক আমলসমূহ কবুল করে তাকে যেনো জান্নাতবাসী করেন।
সানশাইন সম্পাদক তসিকুল ইসলাম বকুলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল। সাংবাদিক নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সাংবাদিক তসিকুল ইসলাম বকুুল রাজশাহীতে সুস্থ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও শোক বার্তায় উল্লেখ করেন তারা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM