অগাস্ট ২২, ২০২৩, ৫:৩৬ পি.এম
বাংলাদেশের যে পরিবর্তন প্রত্যেকটাই বিজ্ঞানের পথ ধরে: ইয়াফেস ওসমান। নয়া কণ্ঠ

রাজশাহীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, বাংলাদেশের যে পরিবর্তন প্রত্যেকটাই বিজ্ঞানের পথ ধরে
রাজশাহী ব্যুরো ঃ
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে প্রত্যেকটাই বিজ্ঞানের পথ ধরে। অর্থাৎ বিজ্ঞানের মাধ্যমে মানুষের জীবনের ব্যাপক পরিবর্তন হয়েছে। সৌভাগ্যক্রমে বিজ্ঞান মন্ত্রণালয় থেকে ডিজিটাল বাংলাদেশেরও যাত্রা শুরু হয়েছিল, যা অত্যন্ত গর্বের। গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে রাজশাহীতে নির্মাণাধীন দ্বিতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ১৫ বছর আগের বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এটি পরিবর্তিত বাংলাদেশ। এক সময় মানুষ ডিজিটাল বাংলাদেশ কী তাই বুঝতেন না, সবাই ঠাট্টা করতেন। সেই ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান। সবাই তার সুবিধা ভোগ করছেন। তাই এনিয়ে কেউ আর এখন ঠাট্টা করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০২১ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এখন বাংলাদেশ চতুর্থ শিল্পবিপ্লবের পথে রয়েছে।
তিনি বলেন, ঢাকার পরে বিভাগীয় শহরে এটিই প্রথম নভোথিয়েটার। রাজশাহী একটি শিক্ষানগরী এবং প্রকৃষ্ট জায়গা বলেই ঢাকার বাইরে আমরা রাজশাহীকে নভোথিয়েটার নির্মাণের স্থান নির্ধারণ করেছি। এখানে নভোথিয়েটার অত্যন্ত প্রয়োজন- এটি আরো আগে হওয়া উচিত ছিল।
তিনি আরো বলেন, শিক্ষা কোনো ব্যবসার জায়গা নয়। নভোথিয়েটারের দায়িত্ব কোনো ব্যবসায়ীকে দেওয়া হবে না। সার্বিক পরিবর্তনের জন্য শিক্ষা। শিক্ষার জন্য যদি ব্যয় করেন তবে ফেরত পাবেন অনেক বেশি। নভোথিয়েটারের মূল লক্ষ্য হলো আধুনিক মানুষ তৈরি করা। নভোথিয়েটার রাজশাহীর সম্পদ- এটা রক্ষণাবেক্ষণ আপনাদের দায়িত্ব।
এসময় অন্যদের মধ্যে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, নভোথিয়েটার ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM