জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণসহ ইবি ছাত্রদলের ১৯ দফা দাবি
তারিকুল ইসলাম, ইবি।
শিক্ষার্থীবান্ধব পরিবেশ এবং স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ১৯ দফা দাবি পেশ করেছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর আনুষ্ঠানিকভাবে এসব দাবি উত্থাপন করেন সংগঠনের নেতাকর্মীরা।
ছাত্রদলের নেতৃবৃন্দ মনে করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি অংশগ্রহণমূলক, গণতান্ত্রিক এবং সহনশীল পরিবেশ গড়ে তোলা সম্ভব। তারা মনে করেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, স্বতঃস্ফূর্ত এবং শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে পারে।
দাবিগুলোর মধ্যে রয়েছে ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা জোরদার, বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা, আবাসিক হলের খাবারের মানোন্নয়ন, শিক্ষার্থীবান্ধব ফি কাঠামো প্রণয়ন, সেশনজট নিরসন এবং র্যাগিং মুক্ত পরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা, আধুনিক চিকিৎসা সেবা প্রদান, দ্রুতগতির ইন্টারনেট সুবিধা এবং শ্রেণিকক্ষ সংকট নিরসনসহ শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের ভূমিকা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
ছাত্রদল ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান এবং সাংস্কৃতিক কার্যক্রমে স্বাধীনতা প্রদানের পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখা, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং পর্যাপ্ত লাইটিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য এবং ধর্মীয় মূল্যবোধ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান বাড়ানোর পাশাপাশি একটি সমতাভিত্তিক এবং নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।
ছাত্রদলের নেতৃবৃন্দ আরও বলেন, ক্যাম্পাসে জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া উচিত। তারা আশা করেন, প্রশাসন দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
এ বিষয়ে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, “আমাদের দাবিগুলো সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের জন্যই উত্থাপন করা হয়েছে। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, তারা যেন অতি দ্রুত এই দাবিগুলো বাস্তবায়ন করেন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করেন।”
ছাত্রদলের এই পদক্ষেপ ক্যাম্পাসে একটি শিক্ষার্থী-কেন্দ্রিক, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানিয়ে প্রশাসনের প্রতি ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM