রাজশাহীতে আ’লীগ নেতা ডাবলু গ্রেফতার ৫ দিনের রিমান্ডে
মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৪ অক্টোবর) রাতে নওগাঁ জেলার সদর উপজেলার দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে ডাবলু সরকারকে পাঁচ দিন ও যুবলীগ কর্মী গ্রেফতার জহুরুল হক রুবেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার (৫ অক্টোবর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক মো. আবদুর রফিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দিন গত ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে। মামলা দুটি তদন্ত করছেন আরএমপির মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মশিউর রহমান।
আবদুর রফিক আরো বলেন, আদালতে ডাবলু সরকারের সাত দিন ও রুবেলের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত ডাবলু সরকারের পাঁচ দিন ও রুবেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরে তদন্ত কর্মকর্তা আদালত থেকেই তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন।
এর আগে শুক্রবার রাতে নওগাঁ থেকে মহানগর আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারকে গ্রেফতার করে র্যাব। তাকে দুটি হত্যাসহ মোট আটটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আর গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেফতার হন রুবেল। পরে দুটি হত্যাসহ কয়েকটি মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
শনিবার আবারো তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। রুবেলকে আদালতে তোলার আগে আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারকেও একই আদালতে হাজির করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM