সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের চাচাতো ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান গেপ্তার
জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের চাচাতো ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধনকে আটক করেছে র্যাব। আজ রবিবার দুপুরে বালিয়াকান্দি থানায় তাকে হস্তান্তর করা হলে গ্রেপ্তার দেখায় পুলিশ।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিনুর রহমানকে অপহরণের পর নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানা গেছে, ২০১৪ সালের ১২ জানুয়ারি জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিনুর রহমানকে অপহরণ, গুম ও চাঁদা আদায়ের জন্য নির্যাতনসহ খুনের চেষ্টা করা হয়। তাকে নির্যাতন করাসহ ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এসম তার থেকে ৫ লাখ টাকা নেওয়া হয় এবং বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। দেশে ও বিদেশের বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার ব্যায়ভার বহন করেন।
ওই ঘটনায় সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সামা মো. ইকবাল হায়াত, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়েব আলী, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল ইসলাম, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কালাম, জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমসহ অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে গত ২৫ আগস্ট রাজবাড়ী আদালতে মামলা করেন তুহিন। মামলাটি বালিয়াকান্দি থানায় এফআইআর করার জন্য ম্যাজিষ্ট্রেট মৌসুমী সাহা নির্দেশ দেন। পরে থানা মামলাটি গ্রহণ করে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, ফরিদপুর থেকে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের চাচাতো ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধনকে আটক করা হয়েছে। পরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM