রেল সম্পদ রক্ষার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর দুই সদস্যের মাদক সেবনের ঘটনায় সাময়িক বরখাস্ত ।
রাজশাহী ব্যুরো ঃ পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী দপ্তরে নৈশকালীন পাহারারত রেল নিরাপত্তা বাহিনীর সদস্য সাদ্দাম ও শাহীন ইয়াবা সেবন করছে , এ ধরনের তথ্য গত ১৫ জুন রাতে তোলা ভিডিওটি মিডিয়াকর্মীদের কাছে এসেছে। রেল সম্পদ পাহারায় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয় এবং ফৌজদারি অপরাধ। ২০১৭ সালে চাকরি পাওয়া এই দুই সদস্য দীর্ঘদিন থেকে ইয়াবা সেবন ও বিক্রয়ের সাথে জড়িত। তার মত আরো বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত। শুধুমাত্র রেল ভবনই নয় রাজশাহী রেলস্টেশন এবং ওয়াশফিট এলাকায় এদের অনৈতিক কর্মকাণ্ড বিস্তৃত। ইতিপূর্বে রেল নিরাপত্তা সদস্যদের বিরুদ্ধে ট্রেনের টিকিট কালোবাজারি, যাত্রীদের উপর হামলা, টিকেটবিহীন যাত্রীদের নিকট থেকে উৎকোচ গ্রহণ, মাদক সেবন ও মাদক পাচার সহ নানা অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তবে সে শাস্তি মূলক ব্যবস্থা ছিল লোক দেখানো। সে কারণে রেলের নিরাপত্তা বাহিনী সদস্যদের মধ্যে শৃঙ্খলার চরম সংকট বিদ্যমান।
অভিজ্ঞ মহলের ধারণা রেলওয়ের কতিপয় কর্মকর্তার দুর্নীতি সীমাহীন পর্যায়ে চলে যাওয়ায় নিম্নের কর্মচারীদের নিয়ম শৃঙ্খলার প্রতি তাদের গুরুত্ব কম । আইনশৃঙ্খলা রক্ষার্থে রেলওয়ের নিয়মিত একটি সশস্ত্র বাহিনী হওয়ার পরও কর্মকর্তাদের দায়িত্বশীল ও পেশাদারিত্বের অভাবে এ বাহিনীর ভাবমূর্তি দিন দিন রসাতলে যাচ্ছে। এদের অনেকে নিয়ম মেনে পোশাকও পরেন না। তাদের কোনদিন রোল কল হয় না। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে বলে মনে হয় না । অথচ এই বাহিনীর পদস্থ কর্মকর্তাদের সকলেই বিসিএস ক্যাডার। মূলত নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে কোন কোন কর্মকর্তা ব্যক্তিগত সুবিধা নেয়ায় এই বাহিনীর সদস্যদের অনেকেই পেশাদারিত্ব নিয়ে কাজ করেন না। এদের অনেকেই কর্তব্যরত অবস্থায় ফাঁকি দিয়ে মাদক কেনাবেচার জন্য সীমান্ত এলাকায় চলে যান বলে অভিযোগ রয়েছে। এদিকে শৃঙ্খলা ভঙ্গ করে অফিসের মধ্যে মাদক সেবনের দায়ে আলোচিত দুই সিপাহীকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের চীফ কমান্ডেন্ট আশাবুল ইসলাম।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM