
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের শিক্ষা দেয়। তরুণ প্রজন্মকে সুস্থ, সাহসী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে কারাতে চর্চার প্রসার ঘটাতে হবে। এ ধরনের আয়োজন নতুন ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনে আয়োজিত বিভাগীয় সোতোকান কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রাজশাহী বিভাগীয় কারাতে উপ-রেফারি কমিশনের আয়োজনে দিনব্যাপী এ বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার মোট ১৩৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সিটি করপোরেশন সব সময় ক্রীড়াবান্ধব উদ্যোগকে উৎসাহিত করবে। কারাতে চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে আত্মবিশ্বাস, সাহসিকতা, শৃঙ্খলাবোধ ও আত্মনির্ভরশীলতা তৈরি হয়। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও কারাতে প্রশিক্ষণে আগ্রহী করে তুলতে হবে।
তিনি আরও বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে আগামীতে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ‘প্রশাসক কাপ কারাতে টুর্নামেন্ট’ আয়োজন করা হবে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং জাতীয় পর্যায়ে রাজশাহীর প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নিতে খেলোয়াড়দের ভাতা প্রদানের মাধ্যমে সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের সহায়তা, জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা ও ভাতা বৃদ্ধি এবং দেশের বিভিন্ন খাতের উন্নয়নে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারী সব খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান রাসিক প্রশাসক। এ সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। পরে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে কারাতের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে রাজশাহীর ক্রীড়াঙ্গনে অবদান রাখা প্রয়াত কৃতী ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় কারাতে উপ-রেফারি কমিশনের আহ্বায়ক মোঃ সাজ্জাদ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমদাদুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী কে এম আতিকুর রহমান এলান।
কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষায় পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও জাতীয় কারাতে কোচ মোঃ জসিম উদ্দীন এবং ফেডারেশনের রেফারি কমিশনের সম্পাদক মোঃ শফিকুল আজম রাসেল।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যসচিব শেখ মাহমুদুন্নবী তুষার। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খাজা তারেক সিজার, কে এম আবুল কালাম রহমান, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অধ্যক্ষ সখিনা খাতুন, কোষাধ্যক্ষ জরিনা খাতুন, সদস্য বীথি মনি ও লাভলী হাসানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও খেলোয়াড়রা।