
সাঈদ ইবনে হানিফ , যশোর :
যশোরের বসুন্দিয়ায় মানবিক ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মোড়ল ফারুখ হোসেন ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে ৫৩ জন শারীরিক প্রতিবন্ধী, দরিদ্র ও অসচ্ছল মানুষের মধ্যে হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে স্থানীয় বসুন্দিয়া মোড়ে ফাউন্ডেশনের চেয়ারম্যানের নিজ বাড়ির সামনে এ মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মতিয়ার রহমান ফারাজি, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খান, সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিয়ার রহমান শফি, সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কার খান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আলিম এবং অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এম এ করিমসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোড়ল ফারুখ হোসেনসহ উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক দায়বদ্ধতারও অংশ। একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং তার জীবনযাত্রাকে কিছুটা সহজ করে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।
তারা আরও বলেন, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি বৈষম্যহীন, সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
৫৩ জন প্রতিবন্ধী ও অসচ্ছল মানুষের হাতে হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী তুলে দেওয়ার এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। মানবিক সহায়তার এমন কার্যক্রম সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তিকেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।