
মো:সুজন আহমেদ সাভার (উপজেলা) প্রতিনিধি:
আশুলিয়ায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
অবস্থান কর্মসূচিতে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় তারা সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচি থেকে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি আব্দুল হাই, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুদ্দোহা খান এরশাদ, শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওসমান গনি সাগরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।