
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তমা রাহা (২২) নামে এক পথচারী নারী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদর এলাকার গোলনা রাহাবাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার লক্ষণপুর গ্রামের বাসিন্দা স্বপন কুমার রায় (৪৮) ও তাঁর স্ত্রী হান্না সরকার (৪৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্বপন কুমার রায় ও তাঁর স্ত্রী হান্না সরকার সাতক্ষীরা হ-১৮-২৫০৫ নম্বরের একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গোলনা রাহাবাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে প্রায় ১২ ফুট দূরে গিয়ে পড়ে এবং স্বামী-স্ত্রী দুজনই সড়কের ওপর ছিটকে পড়েন।
এ সময় পেছন দিক থেকে আসা বগুড়া-জ-১১-০০৩৮ নম্বরের অপর একটি যাত্রীবাহী বাসসহ দুটি বাসের চাপায় স্বপন কুমার রায়ের মাথা ও মুখমণ্ডল থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, বাসের চাপায় স্ত্রী হান্না সরকারের বুকে ও মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতদের স্বজন শিমন সরকার জানান, নিহত স্বপন কুমার রায় তাঁর শ্যালক এবং হান্না সরকার তাঁর স্ত্রী। তাঁরা দুজনই একটি মিশনে চাকরি করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত স্বামী-স্ত্রীর মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।