
শামছুল আলম রিপন, হবিগঞ্জ প্রতিনিধিঃ
একসময় শীত এলেই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের খোয়াই নদীর তীরজুড়ে শুরু হতো আখ মাড়াইয়ের ধুম। কাঠের ঘানি ঘুরিয়ে মহিষের সাহায্যে আখ পিষে বের করা হতো টাটকা রস। সেই রস থেকে তৈরি হতো গুড়, লালিসহ নানা মুখরোচক খাবার। মহিষের ঘানি ঘোরার দৃশ্য, আখের রসের সুবাস আর কৃষকদের কর্মচাঞ্চল্যে মুখর থাকত নদীর চরাঞ্চল।
কিন্তু আধুনিক যন্ত্রের ব্যবহার, উৎপাদন খরচ বৃদ্ধি, শ্রমিক সংকট ও ন্যায্যমূল্য না পাওয়াসহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ পদ্ধতি। কমেছে খোয়াই নদীর চরাঞ্চলে আখের আবাদও।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৫ থেকে ২০ বছর আগেও শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকা থেকে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল পর্যন্ত খোয়াই নদীর দুই পাড়ের বিস্তীর্ণ চরাঞ্চলে প্রচুর আখ চাষ হতো। নদীর পলিমাটিতে ভালো ফলন হওয়ায় অনেক কৃষক এ চাষে আগ্রহী ছিলেন। শীত মৌসুমে মহিষ দিয়ে আখ মাড়াই করে রস সংগ্রহ এবং তা থেকে গুড় তৈরি করা হতো। স্থানীয় বাজারেও এসব পণ্যের চাহিদা ছিল।
সময়ের ব্যবধানে বদলে গেছে সেই চিত্র। বর্তমানে নদীর অধিকাংশ চরাঞ্চলে আগের মতো আখের আবাদ দেখা যায় না।
স্থানীয়দের মতে, খোয়াই নদীর চরাঞ্চলের মাটি বিক্রি তুলনামূলক লাভজনক হওয়ায় কেউ কেউ আখ চাষের পরিবর্তে মাটি বিক্রির দিকে ঝুঁকছেন। এতে কোথাও কোথাও কৃষিজমি কমে যাচ্ছে। ফলে দীর্ঘদিনের কৃষিনির্ভর জীবিকা ও আখ চাষের ঐতিহ্য হুমকির মুখে পড়েছে।
বর্তমানে শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামের খোয়াই নদীর তীরবর্তী এলাকায় অল্প কয়েকজন কৃষক আখ চাষ ধরে রেখেছেন। তাঁদের হাত ধরেই টিকে আছে একসময়ের সমৃদ্ধ এই কৃষি ঐতিহ্য।
আলাপুর গ্রামের কৃষক আলপু মিয়া বলেন, ‘আমাদের বাপ-দাদারাও আখ চাষ করতেন। তাঁদের ঐতিহ্য ধরে রাখতে আমরাও এখনো অল্প কিছু জমিতে আখ চাষ করছি। তবে আগের মতো আর আবাদ হয় না।
অন্যদিকে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর তীরবর্তী কিছু এলাকায় এখনো আখ চাষ ও মাড়াইয়ের প্রচলন রয়েছে। তবে সেখানেও মহিষের পরিবর্তে যন্ত্রের ব্যবহার বাড়ছে। ফলে ঐতিহ্যবাহী এ পদ্ধতি ক্রমেই বিলুপ্তির পথে।
শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়া গ্রামের কৃষক রহমান মিয়া বলেন, ‘১০ থেকে ১৫ বছর আগেও খোয়াই নদীর পাড়ের চরগুলোতে প্রচুর আখ চাষ করতাম। নিজেদের মহিষ দিয়ে আখ মাড়াই করতাম। শীত এলেই নদীর পাড়ে আখ মাড়াইয়ের ব্যস্ততা শুরু হতো। তখন অনেক কৃষক এ পেশার সঙ্গে জড়িত ছিলেন। এখন আখের আবাদ কমে যাওয়ায় সেই চিরচেনা দৃশ্যও হারিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, আবারও শায়েস্তাগঞ্জে আখের চাষ বাড়ুক। এ জন্য কৃষি বিভাগ ও সরকারের পক্ষ থেকে উন্নত জাতের বীজ, সার, আর্থিক সহায়তা ও কৃষি প্রণোদনা দেওয়া প্রয়োজন। পাশাপাশি উৎপাদিত আখের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ একরাম হোসেন বলেন, ‘খোয়াই নদীর চরাঞ্চলের মাটি আখ চাষের জন্য সম্ভাবনাময়। পরিকল্পিতভাবে চাষাবাদ বাড়ানো গেলে এ অঞ্চলে আবারও আখের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। কৃষকদের উন্নত জাতের আখের বীজ ও চারা, প্রয়োজনীয় কৃষি পরামর্শ এবং সরকারি প্রণোদনার আওতায় আনার উদ্যোগ নেওয়া যেতে পারে। পাশাপাশি আখের ন্যায্যমূল্য ও বাজারজাতকরণের সুযোগ নিশ্চিত করা গেলে কৃষকেরা এ চাষে আরও আগ্রহী হবেন।
স্থানীয় কৃষকদের প্রত্যাশা, সরকারি উদ্যোগ ও কৃষি বিভাগের সহযোগিতায় খোয়াই নদীর চরাঞ্চলে আবারও আখের আবাদ বাড়বে। একই সঙ্গে কৃষিজমি সংরক্ষণ ও অপরিকল্পিত মাটি বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তাঁদের চাওয়া, নতুন প্রজন্মের কাছে শুধু গল্প হয়ে নয়, আবারও ফিরে আসুক শীতের সকালে মহিষ দিয়ে আখ মাড়াইয়ের সেই চিরচেনা দৃশ্য, আখের রসের সুবাস আর গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য।#