
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
এসআরবি-৫-এর অভিযানে মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল ও মোবাইল জব্দ
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১১৬ পিস ইয়াবাসহ মোঃ বাবুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় মাদকদ্রব্য পরিবহন ও ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাত ৫টা ২০ মিনিটে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ৫ নম্বর গোগ্রাম ইউনিয়নের লালদিঘী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল লালদিঘী জামে মসজিদের উত্তর পাশে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মোঃ বাবুল হোসেন (৩৮) চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহারাজপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার এনামুল হকের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিতভাবে বিভিন্ন অপরাধবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোদাগাড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে ১১৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বাবুল হোসেন জব্দকৃত ইয়াবা বিভিন্ন উপায়ে সংগ্রহ ও সংরক্ষণ করে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসআরবি-৫ সূত্র জানায়, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।