
রাজবাড়ী সদরে ১৯৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায়
মোমিন শেখ:
রাজবাড়ী সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা জোরদারে ২০২৫-২৬ অর্থবছরের এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় ১৯৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে হারমোনিয়াম-তবলা এবং ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নিরুপমা রায় বলেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টার আন্তরিক সহযোগিতা ও সদিচ্ছার ফলে সদর উপজেলার ১৯৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা সম্ভব হয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী ক্রিকেট, ফুটবল, দাবা ও ক্যারাম বোর্ড সরবরাহ করা হয়েছে।
তিনি জানান, উপজেলার ১৯ টি মাদ্রাসা, ৪৩ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৩৭ টি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১৯৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী দেওয়া হয়েছে। পাশাপাশি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে হারমোনিয়াম এবং ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে তবলা বিতরণ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে পারে।
ইউএনও, নিরুপমা রায় বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হারমোনিয়াম ও তবলার চাহিদা থাকলেও বরাদ্দ সীমিত হওয়ায় সবার মধ্যে বিতরণ করা সম্ভব হয়নি। ভবিষ্যতে আরও বরাদ্দ পেলে বঞ্চিত প্রতিষ্ঠানগুলোতেও বাদ্যযন্ত্র সরবরাহ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, রাজবাড়ী সদর উপজেলার শিক্ষা ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সরকারের এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এবং শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী, হারমোনিয়াম, তবলা এবং স্যানিটারি ন্যাপকিনের প্যাকেজ তুলে দেন।