
তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান
মোমিন শেখ:
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর কুন্ডুপাড়া তেতুলতলায় অনুষ্ঠিত শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেছেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নিরুপমা রায়।
বুধবার বিকেলে তিনি মন্দির প্রাঙ্গণে পৌঁছে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং চলমান ধর্মীয় অনুষ্ঠান ও কীর্তন পরিবেশন উপভোগ করেন। এ সময় তিনি আয়োজক, ভক্তবৃন্দ ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন এবং অনুষ্ঠানের সার্বিক আয়োজনের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন: রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পায়রা চৌধুরী, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. একেএম ইকবাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও মন্দির পরিচালনা কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান আয়োজকরা। এ সময় তারা বলেন, ধর্মীয় উৎসব শুধু একটি সম্প্রদায়ের নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। সকল ধর্মের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতায় এমন আয়োজন আরও অর্থবহ হয়ে ওঠে। তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
পরিদর্শন শেষে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নিরুপমা রায় বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশের মানুষ যুগ যুগ ধরে সব ধর্মের উৎসব মিলেমিশে উদযাপন করে আসছে। সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও বলেন, সরকার সব ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের বিষয়ে অত্যন্ত আন্তরিক। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সবাই নিজ নিজ ধর্ম পালন করবেন, পাশাপাশি অন্যের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির প্রতিও সম্মান প্রদর্শন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।
মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ইউএনও, নিরুপমা রায়। পরে তিনি যজ্ঞানুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানের প্রশংসা করেন।
স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীরা প্রশাসনের এমন অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রশাসনের উপস্থিতি তাদের মাঝে নিরাপত্তা ও উৎসাহের বার্তা পৌঁছে দিয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।