
মোঃ আব্দুল আলীম, বগুড়াঃ
এতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নিয়ে উত্তরাঞ্চলের সম্ভাবনা কাজে লাগাতে শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বগুড়া বিভাগ গঠনের দাবি তুলে ধরেন।
বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজনে শনিবার সকালে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, উত্তরাঞ্চল দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত ছিল এবং বর্তমান সরকার সুষম উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। একই সঙ্গে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও দেশব্যাপী সৌরবিদ্যুৎ সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে এবং পর্যায়ক্রমে সব উন্নয়ন চাহিদা পূরণ করা হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার সুষম উন্নয়নের উদ্যোগ নিয়েছে।
প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন জেলার সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক ও বিশিষ্টজনরা অংশ নেন।
অনুষ্ঠানে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়া বিভাগ গঠনের দাবি জানান।
বক্তারা বলেন, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও মানবসম্পদে উত্তরাঞ্চলের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা কাজে লাগাতে শিল্পায়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।