
রাজশাহী ব্যুরোঃ
আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। চর মাজারদিয়াড় এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করা হলে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বুধবার (২৪ জুন) রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি গ্রহণকালে তিনি চরবাসীর সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।
প্রশাসকের নির্দেশক্রমে দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে রাসিকের একটি প্রতিনিধি দল আমিরপুর ফেরিঘাটে সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে ফেরিঘাট এলাকায় স্থায়ীভাবে দুটি টোল চার্ট স্থাপনের জন্য স্থান নির্ধারণ করা হয়, যাতে যাত্রী ও যানবাহন চালকরা নির্ধারিত টোল সম্পর্কে স্পষ্ট ধারণা পান।
এ সময় সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত টোল চার্ট অনুযায়ী টোল আদায়ের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত টোল আদায় বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
পরিদর্শনকালে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রাসিক সূত্র জানায়, ফেরিঘাটে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।