
স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ীর কালুখালী উপজেলায় স্কুলে যাওয়ার পথে রুপা রানী বিশ্বাস (১৪) নামে ৯ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণের অভিযোগ উঠেছে।
গত ১৫ জুন (সোমবার) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার সাবেক রাইপুর এলাকার পাকা রাস্তার পাশে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় অপহৃত ছাত্রীর কাকা রতন কুমার বিশ্বাস (৫৩) বাদী হয়ে কালুখালী থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী গ্রামের মোঃ কালুর ছেলে রিফাত (২০) ও ছিফাত (২৩), মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ কালু (৫৫) এবং মোঃ কালুর স্ত্রী শিফালী খাতুন (৪০)।
পারিবারিক সূত্রে জানা যায়, সাবেক রাইপুর গ্রামের নবদ্বীপ বিশ্বাসের ছেলে রতন কুমার বিশ্বাসের ভাতিজি রুপা রানী বিশ্বাসকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই ইভটিজিং (উত্যক্ত) করতো রিফাত। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুন সকালে রুপা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে, কালু ও শিফালীর পরামর্শ ও পরিকল্পনায় রিফাত ও ছিফাতসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন সহযোগী নিয়ে সাবেক রাইপুর পাকা রাস্তার পাশে একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ে ওৎ পেতে থাকে। রুপা ঘটনাস্থলে পৌঁছামাত্রই তারা তাকে জোরপূর্বক গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
অপহৃতা ছাত্রীর পরিবার জানায়, ঘটনার পর তারা অভিযুক্তদের বাড়িতে খোঁজ নিতে গেলে বিবাদীরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে স্কুলছাত্রীর বড় ধরনের ক্ষতি হতে পারে বলে পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আশঙ্কায় ভুগছেন।
এই বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানায়, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের আইনি প্রক্রিয়া ও অভিযান অব্যাহত রয়েছে।